আয়কর হার ও করমুক্ত সীমা ২০২৬-২০২৭

সর্বশেষ হালনাগাদ:

২০২৬-২০২৭ করবর্ষে (অর্থাৎ ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত আয়ের ওপর) ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা বেড়ে ৳৪,০০,০০০ হয়েছে এবং ৫% হারের ধাপটি আর নেই। নিচের সব তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর নির্দেশিকা ২০২৬-২০২৭ থেকে নেওয়া।

করহার

মোট আয়করহার
প্রথম ৳৪,০০,০০০ পর্যন্তশূন্য
পরবর্তী ৳৩,০০,০০০ পর্যন্ত১০%
পরবর্তী ৳৪,০০,০০০ পর্যন্ত১৫%
পরবর্তী ৳৫,০০,০০০ পর্যন্ত২০%
পরবর্তী ৳২০,০০,০০০ পর্যন্ত২৫%
অবশিষ্ট আয়ের ওপর৩০%

কর ধাপে ধাপে হিসাব হয়: প্রতিটি হার কেবল সেই ধাপের ভেতরের আয়ের ওপর বসে, পুরো আয়ের ওপর নয়।

কার করমুক্ত সীমা কত

করদাতাকরমুক্ত আয়ের সীমা
সাধারণ করদাতা৳৪,০০,০০০
মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা৳৪,৫০,০০০
তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী করদাতা৳৫,২৫,০০০
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধা৳৫,৫০,০০০

প্রতিবন্ধী ব্যক্তির পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত সীমা আরও ৳৫০,০০০ বেশি হবে। পিতা ও মাতা দুজনই করদাতা হলে যেকোনো একজন এই সুবিধা পাবেন।

করমুক্ত সীমা বেশি হলে পরের ধাপগুলোও সেই অনুযায়ী সরে যায়। যেমন একজন প্রতিবন্ধী করদাতার ১০% হারের ধাপ শুরু হয় ৳৫,২৫,০০০-এর পর থেকে।

একটি উদাহরণ

একজন সাধারণ করদাতার মোট করযোগ্য আয় ৳৮,৪০,০০০ হলে:

ধাপহারকর
প্রথম ৳৪,০০,০০০শূন্য৳০
পরবর্তী ৳৩,০০,০০০১০%৳৩০,০০০
অবশিষ্ট ৳১,৪০,০০০১৫%৳২১,০০০
মোট আয়কর৳৫১,০০০

এই অঙ্ক থেকে বিনিয়োগজনিত কর রেয়াত বাদ যাবে। বিস্তারিত: বিনিয়োগজনিত কর রেয়াত।

ন্যূনতম কর

  • আয় করমুক্ত সীমার বেশি হলে ন্যূনতম ৳৫,০০০ কর দিতে হবে। হিসাব করা কর, বা রেয়াত বাদ দেওয়ার পরের কর, ৳৫,০০০-এর কম, শূন্য বা ঋণাত্মক হলেও।
  • নতুন করদাতার ক্ষেত্রে ন্যূনতম কর ৳১,০০০।
  • করদাতা বাংলাদেশের যেখানেই থাকুন, ন্যূনতম করের অঙ্ক একই। আগের মতো সিটি কর্পোরেশন বা এলাকাভেদে ভিন্ন অঙ্ক আর নেই।

বেতন আয়: বেসরকারি ও সরকারি

বেসরকারি চাকরিজীবী: বেতন খাতে মোট প্রাপ্তির এক-তৃতীয়াংশ অথবা ৳৫,০০,০০০, এ দুটির মধ্যে যেটি কম, তা করমুক্ত। যেমন বছরে মোট ৳১২,৬০,০০০ বেতন পেলে ৳৪,২০,০০০ বাদ যাবে এবং করযোগ্য আয় হবে ৳৮,৪০,০০০।

সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী: এস.আর.ও. নং ২২৫-আইন/আয়কর-০৭/২০২৩ অনুযায়ী কেবল মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য; সরকারি বেতন আদেশে উল্লিখিত অন্যান্য ভাতা ও সুবিধা (যেমন চিকিৎসা ভাতা, বাংলা নববর্ষ ভাতা) করমুক্ত। এই অব্যাহতি যাঁরা পান, তাঁরা এক-তৃতীয়াংশ বাদ দেওয়ার সুবিধাটি পান না। যেমন মাসিক মূল বেতন ৳৫৬,৫০০ এবং বছরে উৎসব ভাতা ৳১,১৩,০০০ হলে মোট করযোগ্য আয় ৳৭,৯১,০০০ এবং এর ওপর কর ৳৪৩,৬৫০ (নির্দেশিকার উদাহরণ ১)। ক্যালকুলেটরে "চাকরির ধরন" ঘরে সঠিক ধরনটি বেছে নিন।

ক্যালকুলেটরে নিজের হিসাবটি করে দেখুন, অথবা ক্যালকুলেটরে ব্যবহৃত নিয়মগুলো দেখুন।

সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর নির্দেশিকা ২০২৬-২০২৭ (আয়কর পরিগণনার নিয়ম; ন্যূনতম কর; এস.আর.ও. নং ২২৫/২০২৩; উদাহরণ ১, ৩ ও ২৩)।